admin
প্রকাশ: ২০১৭-১২-০৫ ১৪:৫৬:০৪ || আপডেট: ২০১৭-১২-০৫ ১৪:৫৬:০৪

বীর কন্ঠ ডেস্ক:
সিটি করপোরেশনের মেয়রের সাথে সাক্ষাৎ করতে না পারায় চট্টগ্রামের গণপরিবহন ধর্মঘট স্থগিত করা হয়নি।
মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সাথে রোববার (৩ ডিসেম্বর) রাতে আমরা কথা বলেছি। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়রের সাথে সাক্ষাতের পর সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মঘট স্থগিত করার কথা ছিল। কিন্তু তিনি ঢাকায় থাকায় আমরা সাক্ষাৎ করতে পারিনি। সোমবার রাতের মধ্যে মেয়র চট্টগ্রাম ফেরার কথা রয়েছে। তার সাথে সাক্ষাৎ করে যে কোনো মুহূর্তে ধর্মঘট স্থগিত ঘোষণা করা হবে।
এদিকে, মেয়রের আশ্বাসের ভিত্তিতে গণপরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণার সিদ্ধান্তের পর সোমবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন রুটে বেশ কিছু গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। দুপুরের পর আরো বেশি গণপরিবহন চলাচল করায় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসে। তবে সন্ধ্যার পর চট্টগ্রাম মহানগরীর সকল রুটে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল।
পুলিশি হয়রানি বন্ধ, অনুমোদন ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধসহ ১১ দফা দাবিতে রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট শুরু করে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ। – সূত্র – পরিবর্তন