চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Alauddin Lohagara

ইসলামের সূচনালগ্নে চিকিৎসা বিজ্ঞান

প্রকাশ: ২০১৭-১২-২৬ ২০:০৫:০০ || আপডেট: ২০১৭-১২-২৬ ২০:০৫:০০

বীর কন্ঠ ডেস্ক:

আরবরা ইসলামের সূচনাকালে মূলত আরবি ভাষা এবং শরীয়তের জ্ঞান-বিজ্ঞানের প্রতি বেশি যত্নবান ছিল। তবে তখনকার সমাজেও সমাদৃত কিছু চিকিৎসা বিশেষজ্ঞ ছিলেন; লোকজন তাদের শরণাপন্ন হত। উরওয়া আয়েশাকে (রা.) বললেন, আম্মাজান! আপনার ফিকহ জ্ঞানে আমি আশ্চর্য নই। কেননা আপনি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং আবু বকরের (রা.) মেয়ে। তবে চিকিৎসা বিষয়ে আপনার জ্ঞানে আমি আশ্চর্য! আয়েশা (রা.) বললেন, দেখ উরওয়া! নবীজির শেষবয়সে বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখা করতে আসত। তাঁকে রকমারি উপায় বাতলে দিত। আমি ওগুলো প্রয়োগ করতাম। এভাবে শিখতে থাকি।

সা’দ বিন আবি ওয়াক্কাস (রা.) বর্ণনা করেন, একবার আমি অসুস্থ হয়ে পড়লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন। তিনি আমার বক্ষে হাত রেখে বললেন, ‘তুমি তো হৃদরোগে আক্রান্ত। হারিস ইবনে কালদার নিকট যাও; সে চিকিৎসা করে। সাঈদ বলেন, নবীজির হাতের স্পর্শে আমার দিল ঠাণ্ডা হয়ে যায়।’ (সুনানে আবু দাউদ : ৩৮৭৫)।

জায়দ ইবনে আসলাম বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জনৈক ব্যক্তির শরীরে জখম হলো। জখমের কারণে তার রক্ত চলাচল বন্ধ হয়ে গেলো। লোকটি আনমার গোত্রের দুজন ব্যক্তিকে ডেকে আনল। নবীজি তাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে কে দক্ষ চিকিৎসক? তারা জিজ্ঞেস করল, নবীজি! চিকিৎসায়ও কি কল্যাণ আছে? প্রত্যুত্তরে নবীজি বললেন, যেই সত্তা রোগ দিয়েছেন, সেই সত্তা রোগ নিরাময়ের ব্যবস্থাও রেখেছেন। (মুয়াত্তা মালিক : ১৭৬০) জাবির (রা.) বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বার নিকট একজন চিকিৎসক পাঠিয়েছিলেন। (সুনানে আবু দাউদ : ৩৮৬৪)

এ সকল বর্ণনা থেকে প্রতীয়মান যে, ইসলামের সূচনাকালে চিকিৎসা শাস্ত্রের চর্চা ছিল এবং কতিপয় চিকিৎসকও ছিলেন। এ প্রসঙ্গে হাদিস গ্রন্থাদিতে প্রচুর বর্ণনা বিদ্যমান রয়েছে। পরবর্তীতে মুসলিম শাসনামলে স্পেন, ইরাক ও শামে চিকিৎসাশাস্ত্রের বিকাশ ঘটে। এমনকি মুসলিম চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনাকে বলা হয় চিকিৎসাশাস্ত্রের জনক। তাঁর রচিত ‘আল-কানুন ফিত-তিব’ এখনো পশ্চিমাদের কাছে বাইবেল অব মেডিসিন সায়েন্স হিসেবে খ্যাত।

 

পরিতাপের বিষয়, ইসলামের সোনালী যুগে মুসলিম জাতি জ্ঞান-বিজ্ঞানে যেভাবে নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে এ ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি। নয়তো আজকের পৃথিবীতে মুসলিম জাতির অবস্থা কত উন্নত হত। এ থেকে আমরা আরও বুঝতে পারি, রোগ হলে চিকিৎসা করার আল্লাহর ওপর তাওয়াক্কুলের পরিপন্থী নয়। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো রোগের চিকিৎসা করা।- পরিবর্তন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *