Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-২৭ ১৬:১২:০৬ || আপডেট: ২০১৭-১২-২৭ ১৬:১২:০৬

এম.এ.এইচ রাব্বী, চট্টগ্রাম থেকে:
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। বিশ্ব সভায় আত্মমর্যাদা দিয়ে মাথা উঁচু করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাছিনা বলেছেন, দুর্গম পার্বত্য এলাকায় সড়ক ও অবকাঠামো, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক, সেতু ও ফ্লাইওভার নির্মাণ এবং ভোটার তালিকা ও মেশিন রিডেবল পাসপোর্ট তৈরিতেও সেনাবাহিনী দক্ষতা দেখিয়েছে। এসময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিন বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ল্যাফটেনেন্ট হিসেবে কমিশন প্রাপ্ত অফিসারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের মনে রাখতে হবে, তোমরা এদেশের সন্তান। জনগণের অবিচ্ছেদ্য অংশ। তোমাদের সকলকেই সাধারণ মানুষের হাসি-কান্না, সুখ ও দুঃখের অবিচ্ছেদ্য অংশীদার হতে হবে। তোমরা দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকবে। সিনিয়রদের নির্দেশ মেনে চলবে। সেনাবাহিনীকে সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। তাহলে বিশ্ব সভায় আত্মমর্যাদা দিয়ে মাথা উঁচু করে বাংলাদেশ এগিয়ে যাবে।
পরে তিনি সেনাবাহিনীর ৭৫তম বিএম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।
এর আগে বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) পৌঁছান। এ সময় সেনাবাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।