চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

খালেদা জিয়ার পরোয়ানা প্রত্যাহার দাবি: সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল 

প্রকাশ: ২০১৮-০১-০২ ১৫:৩১:৫৯ || আপডেট: ২০১৮-০১-০২ ১৫:৩১:৫৯

নিউজ ডেস্ক:

কুমিল্লার আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার চেয়েছে দলটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া কুমিল্লার মামলায় জামিনে ছিলেন। জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্টলবোমা হামলায় ৮ যাত্রী নিহতের ঘটনায় দায়ের মামলায় মঙ্গলবার খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন জেলার ৫ নং অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নব বেগম।

মূলত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রসমাবেশের অনুমতি দেওয়ার পর হঠাৎ করেই মঙ্গলবার সকালে অনুষ্ঠান বাতিলের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্রসমাবেশ রাষ্ট্রপতির নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে। অনুমতি দিয়ে হঠাৎ করে তা বাতিল করে দেওয়া গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল।’

বিএনপির মহাসচিব দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পদত্যাগ করে সরকারের একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি- খালেদা জিয়াকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আহমদ আজম খান, শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *