Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০২ ০১:২৩:১২ || আপডেট: ২০১৮-০১-০২ ০১:২৩:১২

নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০টি তাজা গ্রেনেডসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ীতে শুভপুর বাস স্টেশনের বিপরীতে একটি পাঁচতলা ভবন থেকে আশফাকুর রহমান (২১) ও রাকিবুল হাসান (২০) নামে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ এ এম হুমায়ুন কবির।
পুলিশ কর্মকর্তা হুমায়ুন বলেন, “১০টি তাজা গ্রেনেডের পাশাপাশি একটি সুইসাইড ভেস্টও তাদের কাছে পাওয়া গেছে।”
নাশকতা চালানোর পরিকল্পনা থেকে এই গ্রেনেড ও বিস্ফোরক জঙ্গিরা মজুদ করেছিল বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।
এই অভিযানের বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে গোয়েন্দা কর্মকর্তা হুমায়ুন জানিয়েছেন। – বিডি নিউজ