Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০৪ ০০:৪৯:৪৮ || আপডেট: ২০১৮-০১-০৪ ০০:৪৯:৪৮

নিউজ ডেস্ক:
আবছার উদ্দিন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কালামিয়া পাড়ার হাজী আবুল হোসেনের সন্তান।
গত বছর তার ভাই জামাল বাড়ির পশ্চিম পাশে পাহাড়ের পাদদেশের ঢালু জমিতে ১ হাজার ২০০টি পেঁপে গাছ লাগিয়ে বেশি লাভ করতে না পারলেও ক্ষতি হয়নি। ভাইয়ের পেঁপে চাষের ফলন দেখে সম্পূর্ণ নিজের অভিজ্ঞতায় ৩ হাজার পেঁপে গাছ লাগান আবছার উদ্দিন। আর তাতেই বাম্পার ফলন ঘটে। এতে খরচ হয় প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
গত ৪ মাস হতে এই বাগান থেকে পেঁপে বিক্রি শুরু করেছেন তিনি। প্রতি সপ্তাহে ৮০০ কেজি করে পেঁপে বিক্রি করছেন। যার মূল্য ৪৫০০০ টাকা। এভাবে তিনি খুচরা দরে এপর্যন্ত ৪ লক্ষ টাকার পেঁপে বিক্রি করেছেন। এরপর অবশিষ্ট পেঁপে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এক পাইকারি পেঁপে বিক্রেতাকে ৬ লাখ টাকায় বিক্রি করেছেন। এ হিসেবে সাড়ে ৩ লাখ টাকা খরচ করে মোট আয় করলেন ১০ লক্ষ টাকা। স্থানীয় বনবিভাগ থেকে তিনি কোন প্রকার আর্থিক সহায়তা পায়নি বলে জানান।
এছাড়াও এ বছর নতুন করে বড় আকারের আরো একটি পেঁপে বাগান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান। স্থানীয় জনপ্রতিনিধি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল কাদের বলেন, আবছারের এই প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে আগামীতে সে সারা দেশের মডেল হয়ে যাবে।
সাতকানিয়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম পেঁপে চাষি আবছার উদ্দিনের সফলতার কথা স্বীকার করে বলেন, ক্ষেতের ফলনে কোন সমস্যা হলে তিনি নিজে গিয়ে ট্রিটমেন্ট করেন।- ইত্তেফাক