Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০৮ ১৫:৩২:৫৮ || আপডেট: ২০১৮-০১-০৮ ১৫:৩২:৫৮

নিউজ ডেস্ক:
কক্সবাজার সৈকতের মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সিএনজির অপর তিন যাত্রী।
নিহতরা হলেন, টেকনাফের বাহারছড়া শামলাপুর পুরানপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে সিএনজি চালক নুরুল আবছার (২৬) ও মৃত হাজি সিকান্দারের ছেলে ছৈয়দুল ইসলাম (৫৫)। আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে রামুর খুনিয়াপালং প্যাচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করেছে রেজুখাল এলাকায় বসা বিজিবি যৌথ চেকপোস্টের দায়িত্বরতরা। আর দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি জব্দ করেছে হিমছড়ি পুলিশ।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হালিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পর্যটক বোঝাই ইনানী অভিমুখী বাসটি মেরিনড্রাইভ সড়কের প্যাচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আসলে কক্সবাজার অভিমুখী সিএনজিটিকে সামনে থেকে ধাক্কা দেয়। বাস চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজি ও বাসটি পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে।