Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৩ ২০:৩৪:২৩ || আপডেট: ২০১৮-০১-১৩ ২০:৩৪:২৩

নিউজ ডেস্ক:
চট্টগ্রামে আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। নিজ থেকেই ব্রিটিশবিরোধী আন্দোলনের নায়ক মাস্টার দা সূর্য সেনের স্মৃতি বিজড়িত চট্টগ্রামে আসার আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাজ্ঞ এই রাজনীতিবিদ।
সূর্য সেনের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে যাওয়ার আগ্রহও আছে তার। সেই সূত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্মারক বক্তৃতায় অংশ নেবেন তিনি। তাকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চবি’র মাস্টারদা সূর্য সেন হল এবং রাউজানে মাস্টার দা সূর্য সেনের বাড়িতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে এই নেতার।
প্রণব মুখার্জির চট্টগ্রামে আসার বিষয়টি নিশ্চিত করে চবির উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ভারতীয় হাইকমিশন অফিস থেকে আমাদের জানানো হলো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাঁচ দিনের সফরে রোববার (১৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশে আসছেন। তাকে বহনকারী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট এদিন বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। সাবেক এ বাঙালি রাষ্ট্রপতি অবস্থান করবেন হোটেল সোনারগাঁওয়ে।
ঢাকায় পৌঁছানোর পরদিন সোমবার (১৫ জানুয়ারি) বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রণব।
‘বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ’ শীর্ষক স্লোগানে অনুষ্ঠেয় তিন দিনের এ সাহিত্য সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের তিন শতাধিক কবি-লেখক-সাহিত্যিক-সমালোচক অংশ নেবেন।
তিনি বলেন, আগামী ১৬ জানুয়ারি আসবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা মহান এই নেতার আগমন উপলক্ষে তার সংবর্ধনার আয়োজন করেছি। ওই সভায় আমরা সকলে তার মূল্যবান বক্তব্য শুনবো। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এই অনুষ্ঠান চলতে পারে। ওইদিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে তাকে সংবর্ধনা দেওয়া হবে।
প্রণব মুখার্জির সফরসূচিতে আর কী কী রয়েছে জানতে চাইলে তিনি বলেন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার দা সূর্য সেন হল পরিদর্শন করবেন। এছাড়া চট্টগ্রামের রাউজান উপজেলায় মাস্টার দা সূর্য সেনের বাড়িতেও যাবেন তিনি।
বুধবার (১৭ জানুয়ারি) ঢাকায় ফিরবেন তিনি, আর স্বদেশে ফেরত যাবেন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)।- পরিবর্তন