Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৪ ১৮:২৪:৫৯ || আপডেট: ২০১৮-০১-১৪ ১৮:২৪:৫৯

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সেনাপ্রধান কর্তৃক পাকিস্তানকে হুমকির পর এবার ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। ভারতের সেনাপ্রধানের মন্তব্যকে কাণ্ডজ্ঞানহীন উল্লেখ করে আসিফ বলেন, ভারত যদি পরমাণুশক্তি পরীক্ষা করতে চায় তাহলে তাদের স্বাগতম। তাহলে ভারতের সেনাপ্রধান পাকিস্তান সম্পর্কে যথাযথ ধারণা পাবে। খবর আনন্দবাজার পত্রিকার।
শুক্রবার ভারতের সেনাপ্রধান রাওয়াতকে প্রশ্ন করা হয়েছিল ভারত-পাক সম্পর্কের আরও অবনতি হলে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে কিনা। উত্তরে তিনি জানিয়েছিলেন, পাকিস্তান পরমাণু অস্ত্রের ভয় দেখাচ্ছে। কিন্তু ভারত তাদের এই ভাঁওতাবাজিকে পরোয়া করে না। যদি সরকার অনুমতি দেয়, তাহলে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে অভিযান চালাতেও পিছপা হবে না সেনারা।
রাওয়াতের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান আসিফ। টুইট করে তিনি বলেন, একজন সেনাপ্রধান হিসেবে দায়িত্বজ্ঞানহীনের মতোই মন্তব্য করেছেন রাওয়াত। এ ধরনের মন্তব্য করে পাকিস্তানকে পরমাণু হামলার আমন্ত্রণ জানাচ্ছে ভারত। যদি সত্যিই আমাদের শক্তি পরীক্ষা করতে চায় ভারত, তাতে আমরা রাজি। আর সেই সঙ্গে সেনাপ্রধানের সন্দেহটাও দূর হয়ে যাবে।” আসিফের পাশাপাশি পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ ফয়সালও টুইট করে হুশিয়ারি দিয়েছেন। তিনি রাওয়াতের বক্তব্যর দিকে ইঙ্গিত করে বলেন, এই ধরনের মন্তব্য হালকাভাবে নেয়ার প্রশ্নই নেই। পাকিস্তানও নিজেদের প্রতিরোধ করার ক্ষমতা রাখে।