Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৪ ১৯:১৯:২০ || আপডেট: ২০১৮-০১-১৪ ১৯:১৯:২০

নিউজ ডেস্ক:
প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহিউদ্দিন চৌধুরীর শূন্যতা সত্যিই অপূরনীয়।
তিনি বলেন, চট্টগ্রামে দরকার মহিউদ্দিনের সরকার। আর মহিউদ্দিনের সরকারকে ক্ষমতায় রাখতে চাইলে সকলকে নিজ নিজ উদ্দ্যেগে ঐক্যবদ্ধ হতে হবে। কোন ঘুষ খোর নেতার পিছু ধরে নয়, শেখ হাসিনার পথ ধরে দলকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে। আর এ জন্য তরুনদের কাজ করতে হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম মহানগরীর লালদিঘির ময়দানে আজ রবিবার বিকালে অনুষ্ঠিত স্মরণ সভায় কেন্দ্রীয় এ আওয়ামী লীগ নেতা চট্টগ্রামের দলীয় নেতাকর্মীদের সমালোচনা করে বলেন, ঘরের মধ্যে যেন আর কেউ ঘর না করে। এ সময় তিনি চট্টগ্রাম মহানগর ও জেলা আওয়ামীলীগকে ছাত্রলীগের মধ্যে যে দলীয় বিরোধ রয়েছে তা অতি দ্রুত নিরসন করতে বলেন। তিনি বলেন, নেত্রী আমাকে বলেছেন চট্টগ্রামের ছাত্রলীগ নিয়ে পত্র পত্রিকায় যেন আর কোন খারাপ সংবাদ না আসে।
পরে তিনি মহিউদ্দিন চৌধুরীর প্রতি সম্মান ও তার পরিবারের প্রতি শুভকামনা করে তার বক্তব্য শেষ করেন।
জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শোক সভা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
এ ছাড়াও আয়োজিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবল আলম হানিফ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান নওফেল, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক এম এ সালাম। দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদসহ নগর ও জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।- পাঠক নিউজ