চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

পেকুয়ায় রাজাখালী এয়ার খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গুলিবিদ্ধ

প্রকাশ: ২০১৮-০১-১৫ ১২:৪৯:২৭ || আপডেট: ২০১৮-০১-১৫ ১২:৪৯:২৭

নিউজ ডেস্ক:

কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তের গুলিতে নিরুপম দাশ (৪৫) নামের এক স্কুলশিক্ষক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে উপজেলার রাজাখালী এলাকার রব্বত আলী পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত স্কুলশিক্ষককে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত স্কুল শিক্ষক নিরুপম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরই কড়া এলাকার মৃত নেপাল চন্দ্র দাশের ছেলে। তিনি রাজাখালী এয়ার খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানান, রাতে রব্বত আলী পাড়া থেকে প্রাইভেট পড়ানো শেষে শিক্ষক নিরুপম স্কুলে ফিরছিলেন। এসময় কুয়াশাছন্ন অন্ধকারে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইউনুছের উপর হামলার ঘটনার একদিনের মাথায় এ গুলিবিদ্ধের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।- জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *