Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৫ ২০:৩৫:৩৯ || আপডেট: ২০১৮-০১-১৫ ২০:৩৫:৩৯
[starlist][/starlist]
নিউজ ডেস্ক:
চট্টগ্রাম: মঙ্গলবার (১৬ জানুয়ারি) বৃটিশবিরোধী আন্দোলনের স্মৃতিধন্য চট্টগ্রামে আসছেন উপমহাদেশের অবিসংবাদিত রাজনীতিক, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং রাউজানে অগ্নিযুগের বিপ্লবী সূর্যসেনের স্মৃতি দেখতে। বাংলাদেশের অকৃত্রিম সুহৃদ হিসেবে পরিচিত প্রণব মুখার্জিকে বরণের অপেক্ষায় আছেন চট্টগ্রামবাসী।
তবে নিরাপত্তাজনিত কারণে অনুমতি না পাওয়ায় প্রশাসন তাঁকে বরণে বড় ধরনের কোন আয়োজন করতে পারেনি। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বন্দরনগরীর চাবি উপহার দেওয়ার মাধ্যমে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে সম্মান জানাবেন।
মেয়র বলেন, আমরা ব্যানার-তোরণ বানিয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে বরণের প্রস্তুতি নিয়েছিলাম। বড় আকারে সংবর্ধনা দেওয়ারও প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু নিরাপত্তা বিবেচনায় অনুমতি পাইনি। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর চাবি দিয়ে তাঁকে সম্মান জানাব। আমরা হৃদয় দিয়ে তাঁকে বরণ করে নেব। চট্টগ্রামবাসী ভারতের সাবেক রাষ্ট্রপতি মহোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
রাউজানের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি মহোদয়কে বর্ণাঢ্যভাবে বরণের সব প্রস্তুতি আমরা নিয়েছিলাম। কিন্তু সিকিউরিটি পয়েন্টে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা কোন ধরনের জনসমাবেশ করছি না। গেইটও বানাতে পারছি না। যদি অনুমতি পেতাম, তাহলে লাখ লাখ মানুষ ফুল দিয়ে তাঁকে বরণ করে নিত। এরপরও আমরা হৃদয়ের উঞ্চতা দিয়ে আমাদের অকৃত্রিম বন্ধুকে বরণ করে নেব।
পুলিশ সূত্রমতে, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রণব মুখার্জি। সেখানে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ উর্দ্ধতন কর্মকর্তারা তাকে স্বাগত জানাবেন।
সকাল ১১টায় প্রণব মুখার্জি রেডিসন ব্লু হোটেলে পৌঁছবেন। বেলা সাড়ে ১২টায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন। সেখানে ডি-লিট গ্রহণ শেষে দুপুরের আহার গ্রহণ করবেন। দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন তিনি।- বাংলানিউজ