Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৬ ২০:৩০:৩৯ || আপডেট: ২০১৮-০১-১৬ ২০:৩০:৩৯

নিউজ ডেস্ক:
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মহিউদ্দিন ভাইয়ের কুলখানিতে রীমা কমিউনিটি সেন্টারে পদদলিত হয়ে যারা নিহত হয়েছেন তাদের পরিবার আজ স্বজন হারা।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার প্রত্যেক নিহতের পরিবারকে অর্থ সহায়তা করেছেন। আবার কয়েকজন নিহতের পরিবার সদস্যকে কর্মসংস্থানও প্রদান করেছেন। এদের পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান শ্রেণীকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আমি নিহতের পরিবারবর্গের পুনর্বাসনে প্রয়োজনীয় সকল সহায়তা দেয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে নিহতদের সন্তানদের বিনা খরচে শিক্ষা গ্রহনের সুযোগ করে দেয়া হবে। নিহতের স্ত্রী বা সন্তানরা চাকরি করতে চাইলে আমি সিটি কর্পোরেশনে ব্যবস্থা করে দেব। তাছাড়াও চসিকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে অর্থ সহযোগিতা প্রদান করা হবে। তিনি নিহতদের পরিবারবর্গকে প্রাপ্ত অর্থ অযথা ব্যয় না করে যেকোন উৎপাদনমুখী খাত অথবা সঞ্চয় করে রাখার পরামর্শ দেন।
আজ সন্ধ্যায় নগর ভবনের সম্মেলন কক্ষে গত ১৮ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগ সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিতের ঘটনায় নিহতদের পরিবার বর্গকে অনুদান প্রদান করা হয়েছে। রীমা কনভেনশন সেন্টারের মালিক সাহাব উদ্দিন প্রত্যেক স্বজন হারা পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। মেয়র প্রত্যেকের হাতে নগদ অর্থ তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপরোক্ত কথাগুলো বলেছেন।
এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, সুনীল সরকার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, মহানগর আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ও কাউন্সিলর জহর লাল হাজারী, মহানগর আওয়ামীলীগের সদস্য বেলাল আহমদ, নিছার উদ্দীন আহমদ মঞ্জু, প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ইসমাইল বালি, ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোরশেদুল আলম,চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত কুমার দাশ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিহত ধনচন্দ্র সুশীল, ঝন্টু দাশ, লিটন ভট্টাচার্য্য, অলক ভৌমিক, প্রদীপ তালুকদার, লিটন দেব, কৃষ্ণ পদ দাশ, রাহুল দাশ, সুধীর দাশ, সত্যব্রত ভট্টাচার্য্যরে পরিবারের সদস্যবৃন্দ অনুদান গ্রহন করেন।