চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসে এক বাংলাদেশি নারীকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশ: ২০১৮-০১-২৩ ১০:১৭:৫৩ || আপডেট: ২০১৮-০১-২৩ ১০:১৭:৫৩

আন্তর্জাতিক ডেস্ক :

কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসে এক বাংলাদেশি নারীকে যৌন হয়রানি করা হয়েছে বলে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। ট্রেনটির নিরাপত্তায় থাকা এক বিএসএফ সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই নারী এবং তার স্বামী।

পূর্ব রেল কর্তৃপক্ষ বলছে, সোমবার সকালে কলকাতা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে মৈত্রী এক্সপ্রেস রওনা হওয়ার কিছুক্ষণ পরে ওই বাংলাদেশি নারী ট্রেনের টয়লেটে গিয়েছিলেন। ট্রেনটি তখন দমদম আর ব্যারাকপুরের মধ্যে ছিল।

সে সময়ই টয়লেটের ভেতরে ঢুকে পড়ে ওই নারীকে যৌন হয়রানির চেষ্টা করেন এক বিএসএফ সদস্য। ওই নারী যাত্রী তার আসনে ফিরে এসে স্বামীকে ঘটনাটি জানাতেই বিষয়টি চলমান টিকিট পরীক্ষকের নজরে আনা হয় এবং সীমান্তবর্তী স্টেশনে পৌঁছানোর পর আনুষ্ঠানিক এফআইআর দায়ের করা হয়। পূর্ব রেলের মুখপাত্র রবি মহাপাত্র বিবিসি বাংলাকে ওই ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক বিএসএফ সদস্যর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যে স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে, সেখানকার রেল পুলিশ তদন্ত শুরু করেছে। বিএসএফ কর্তৃপক্ষ বলছে, তারাও রেলের কাছ থেকে বাংলাদেশি নারীর ওপর যৌন হামলার বিষয়টি জেনেছেন।

বিএসএফের দক্ষিণ বঙ্গ সীমান্ত অঞ্চলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে জানান, এই গুরুতর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তদন্ত শুরু করেছেন। আগে মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে রেল সুরক্ষা বাহিনী এবং রেল পুলিশ থাকলেও এখন ট্রেনটির গোটা যাত্রাপথেই নিরাপত্তার দায়িত্ব থাকে বিএসএফের ওপর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *