Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৫ ২৩:৪২:৪১ || আপডেট: ২০১৮-০১-২৫ ২৩:৪২:৪১

নিউজ ডেক্স :
কক্সবাজারের টেকনাফে প্রতিবেশীর জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে নিজের কুকুরের জন্মদিন পালন করলো আলী আকবর নামে এক যুবক।কক্সবাজারের টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়ায় গত ২২ জানুয়ারি কাজলী নামে ওই কুকুরের জন্মদিন পালন করা হয়। আলী আকবর ও তার কয়েকজন বন্ধু কুকুরের জন্মদিন পালন করেন।
কুকুরের জন্মদিন উপলক্ষে একটি মঞ্চও করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে কুকুরটিকে নতুন টি-শার্ট, ফুলের মালা পরানো হয়। কাটা হয় পাঁচ পাউন্ড ওজনের একটি কেক।
এছাড়াও বিরিয়ানি, বিভিন্ন রকমের মিষ্টি ও কয়েক রকমের ফল দিয়ে আপ্যায়ন করা হয়েছে আগত অতিথিদের। আর জন্মদিন উপলক্ষে ফুটানো হয়েছে কয়েক রকমের আতশবাজি। কুকুরের জন্মদিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আকবরের ৩০ বন্ধু।
স্থানীয়রা জানিয়েছেন, টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার মোহাম্মদ কাশেমের জন্মদিন ছিল ২২ জানুয়ারি। জন্মদিন উপলক্ষে তার বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু ওই অনুষ্ঠানে প্রতিবেশী আলী আকবরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ না পেয়ে রাগে-ক্ষোভে নিজের কুকুরের জন্মদিন পালনের সিদ্ধান্ত নেন আলী আকবর।

এ বিষয়ে জানতে চাইলে আলী আকবর বলেন, সবাই মানুষের জন্মদিন পালন করছে। তাই আমি আমার কুকুর কাজলীর প্রথমবারের মতো জন্মদিন পালন করলাম। একই দিনে অন্য কারো জন্মদিন থাকলে আমি কী করার আছে বলুন, জানান আলী আকবর।
আগে কোনো দিন কুকুরের জন্মদিন পালন করা হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে আলী আকবর বলেন, আমার ইচ্ছে হয়েছে তাই এ বছর কাজলীর জন্মদিন পালন করছি। তিনি বলেন, কাজলীর জন্মদিন উপলক্ষে বন্ধুরা সবাই খুববেশি মজা করছিল। যখন ফেইসবুকে কাজলীর ছবি আপলোড করি সবাই শেয়ার, লাইক, কমেন্টস করছে।
দক্ষিণ জালিয়া পাড়ার মুরব্বি আলী আহম্মদ বলেন, প্রতিবেশীর উপর রাগ করে কুকুরের জন্মদিন পালন খুবই দুঃখজনক। এটি সামাজিক অবক্ষয় ও কালো টাকার ফল।- পরিবর্তন