চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

প্রকাশ: ২০১৮-০১-২৫ ১২:৪০:৪৫ || আপডেট: ২০১৮-০১-২৫ ১২:৪০:৪৫

নিউজ ডেক্স :

নতুন পুলিশ প্রধান অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হলেন পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।তিনি বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের স্থলাভিষিক্ত হলেন।

গতকাল বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করেছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রশাসনিক আদেশ জারি হওয়ার কথা রয়েছে। বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। ওই দিনই জাবেদ পাটোয়ারী আইজিপি হিসেবে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি ষষ্ঠ বিসিএস (১৯৮৪) পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগ দেন।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামকে জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত করা হচ্ছে। আরেক অতিরিক্ত আইজিপি মো. আবদুস সালামকে শিল্প পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে এ সংক্রান্ত সারসংক্ষেপও অনুমোদন করেছেন।

পুলিশের পরবর্তী আইজিপি কে হচ্ছেন- এ নিয়ে কিছু দিন ধরেই জোর আলোচনা চলছিল পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলগুলোতে। সরকার নতুন কাউকে শহীদুল হকের স্থলাভিষিক্ত করবে, নাকি তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে- এ নিয়েও নানা গুঞ্জন চলছিল। অবশেষে সরকার শহীদুল হকের মেয়াদ না বাড়িয়ে জাবেদ পাটোয়ারীকেই নতুন আইজিপি হিসেবে বেছে নেয়।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম শহীদুল হককে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর নতুন আইজিপি হিসেবে বেছে নেয় সরকার। পর দিন তিনি এ পদে যোগ দেন। গত বছরের জুলাই মাসে আইজিপি একেএম শহীদুল হককে বদলের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল। সরকারের উচ্চপর্যায় থেকে নতুন আইজিপির বিষয়ে প্রস্তাব তৈরি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।

পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীর নামও আইজিপি হিসেবে প্রস্তাব পাঠাতে বলা হয়। এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর আগেই ফাঁস হয়ে যায়। এর পর একটি পক্ষ প্রস্তাবের বিরোধিতা শুরু করে।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে জাবেদ পাটোয়ারীরর জন্ম। বাবুরহাট হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে পাস করেন এসএসসি। উচ্চ মাধ্যমিক শ্রেণীতেগিয়ে ভর্তি হন চাঁদপুর কলেজে। সেখান থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরজাবেদ পাটোয়ারী সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন ১৯৮৬ সালে। ২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পান পুলিশের বিশেষশাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারী। পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে তার। জাবেদ পাটোয়ারীর সহধর্মিণী মিসেস হাবিবা হোসেন।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা জীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’-এর বিভিন্ন ‘নথিপত্র’ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাবেদপাটোয়ারী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *