চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছেন :  আ জ ম নাছির উদ্দীন

প্রকাশ: ২০১৮-০১-২৬ ০০:০৫:৩২ || আপডেট: ২০১৮-০১-২৬ ০০:০৫:৩২

নিউজ ডেক্স :

প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে ‘দেশীয় অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও মেধাবী শিক্ষার্র্থীদের বৃত্তিদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, দেশের অর্থনীতির সিংহভাগই রেমিট্যান্সের অবদান। প্রবাসীরা মাতৃভূমি ছেড়ে বিদেশের মাটিতে থেকেও এদেশের হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের কষ্টার্জিত টাকা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। প্রবাসীরা বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম কুড়িয়ে আনছেন।

 

মেয়র মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রবাসীরা যে অবদান রেখেছেন তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবেন বলে উল্লেখ করেন।

 

মেয়র বিমানবন্দরে যে সব কর্মকর্তা প্রবাসীদের হয়রানি করে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে পরামর্শ দেন।

 

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল। সাংগঠনিক সম্পাদক এম আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল।

 

বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইমরাদ হোসেন (ইমু), যুগ্ম সম্পাদক সালাউদ্দিন, মো. জামাল উদ্দিন চৌধুরী, সদস্য অমল কান্তি শীল, তথ্য সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদ, সহ-সভাপতি ইসমত হোসেন বশার প্রমুখ।

 

সেমিনারে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবাসীদের সন্তানদের জন্য কোটা নির্ধারণ, সিআইপির মর্যাদা, প্রবাসী বাঙালিদের যাত্রা সহজ করতে বিমানবন্দরে আলাদা ডিজিটাল কাউন্টার করে সেন্সর কার্ডের মাধ্যমে ইমিগ্রেশনের ব্যবস্থা, বিদেশফেরত প্রবাসীদের বিভিন্ন টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা বিবেচনা করে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কর্ম সম্পাদনের ব্যবস্থা, বিমানবন্দরে বিভিন্ন বাহিনীর মাধ্যমে হয়রানি বন্ধ করা, প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশের প্রতিটি শহরে সরকারি প্লট বরাদ্দ দিয়ে আবাসন সুবিধার ব্যবস্থা করাসহ ১০টি দাবি তুলে ধরা হয়।অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।- বাংলা নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *