চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

কক্সবাজারে ব্যবসায়ীকে গুলি করে দুর্ধর্ষ ডাকাতি    

প্রকাশ: ২০১৮-০১-২৭ ১৪:১৯:৪৩ || আপডেট: ২০১৮-০১-২৭ ১৪:১৯:৪৩

 

 

নিউজ ডেক্স :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের গুলিতে গুরুতর আহত হয়েছেন দোকান মালিক হুমায়ুন ইসলাম (২৬)। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রি কলেজ গেট সংলগ্ন ইউনুছ স্টোরে এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতদল নগদ সাড়ে তিন লাখ টাকা, বিকাশ ও ইজিলোডের তিনটি মোবাইল ও মূল্যবান মালামাল নিয়ে যায়। এতে জড়িত সন্দেহে দোকান কর্মচারীকে আটক করেছে পুলিশ।

আহত ব্যবসায়ী হুমায়ুন ইসলাম ঈদগাঁওর পশ্চিম ভাদিতলার গোমাতলী পাড়ার আবদুল হাকিমের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগ এবং কমিউনিটি পুলিশ নেতা। এছাড়া আটক কর্মচারী রায়হান (১৪) কলেজ গেট এলাকার নুরুল আবছারের ছেলে।

হুমায়ুনের ভাই সোহেল জানান, ১০-১৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল দোকানের গ্রিল খুলতে বলে। এসময় হুমায়ুন ঘুমালেও কর্মচারী রায়হান ভেতর থেকে তালা খুলে দেয়। ডাকাতদল দোকানে ঢুকে ঘুমন্ত হুমায়ুনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর উপর্যপুরী কোপানো হয় তাকে। শেষে নগদ সাড়ে ৩ লাখ টাকা, বিকাশ ও ইজিলোডের মোবাইলসহ ৩টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। যাবার সময় আরো কয়েক রাউন্ড ফাঁকাগুলির পাশাপাশি মরিচের গুঁড়া নিক্ষেপ করে চলে যায়।

পরে হুমায়ুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পরিবারে খবর দিলে স্বজনরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হুমায়ুনের পরিবারের দাবি, দোকান কর্মচারী রায়হান দেড় মাস যাবৎ কর্মরত থাকলেও কোনােদিন দোকানে থাকেনি। বৃহস্পতিবার দোকানে থাকার ইচ্ছা পোষণ করলে সরল বিশ্বাসে হুমায়ুন তাকে দোকানে রাখে।

 

কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত বড়ুয়া বলেন, দোকান মালিকের উপর এত ধকল গেলেও কর্মচারীর অক্ষত থাকা এবং তালা খুলে দেয়ায় জড়িত সন্দেহে রায়হানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।- জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *