Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৮ ২২:৪৮:০১ || আপডেট: ২০১৮-০১-২৮ ২২:৪৮:০১

নিউজ ডেক্স :
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, নিজ দেশে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন অমানবিক। ভিন দেশে আশ্রিত জীবন কখনও সুখকর নয়। নিজ দেশে ফেরাটাই প্রশান্তির। তাই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবসনে ইন্দোনেশিয়া বাংলাদেশের পাশে রয়েছে। প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখবে ইন্দোনেশিয়া।
রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন ইন্দোনেশিয়া ত্রাণ, চিকিৎসাসহ মানবিক সহায়তা অব্যাহত রাখবে।
এ সময় তিনি কয়েকজন রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে আলাপ করেন। তাদের মুখ থেকে রাখাইনে সহিংসতার বিবরণ শোনেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। নির্যাতিত রোহিঙ্গাদের তিনি মর্যাদার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাসও দেন।
এরপর তিনি ইন্দোনেশিয়া সরকারের অর্থায়নে স্থাপিত মেডিকেল ক্যাম্প, স্কুল, ত্রাণ কেন্দ্র এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা পরিদর্শন শেষে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
রোববার দুপুর ১টার দিকে তিনি বিমানযোগে কক্সবাজার পৌঁছান। সেখান থেকে সোজা চলে যান রোহিঙ্গা ক্যাম্পে।- জাগো নিউজ