Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-৩০ ১৯:২২:৩৩ || আপডেট: ২০১৮-০১-৩০ ১৯:২২:৩৩

নিউজ ডেক্স :
বাঁশখালীতে এক নারীকে হত্যার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আবদুস সবুর নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত মামলার আরও ৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম তানিয়া কামাল ১৫ বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
অতিরিক্ত জেলা পিপি একেএম নূরুল আহসান বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারীকে হত্যার ঘটনায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের হওয়া মামলায় একজন আসামিকে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আরও ৯ আসামি খালাস পেয়েছেন।দণ্ডিত আবদুস সবুর জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন।
আদালত সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলার দক্ষিণ কাথারিয়া মাঝির পাড়া এলাকার বাসিন্দা আবদুর সবুরের সঙ্গে প্রতিবেশি মোজাহের আহমেদের ভাগ্নে মফিজের পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল।
২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে আবদুর সবুর এলাকার আরও কয়েকজন সঙ্গে নিয়ে মোজাহেরের বাড়িতে মফিজকে মারতে যান। মোজাহের ঘর থেকে বের হলে সবুর তাকে লক্ষ্য করে গুলি করে। সেই গুলি মোজাহেরের পেছনে থাকা তার স্ত্রী দিলোয়ারার গায়ে লাগলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় মোজাহের বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেন। মামলা দায়েরের ১৫ বছর পর আজ এই হত্যামামলার রায় ঘোষনা করেন আদালত।