চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

প্রিজনভ্যানে হামলা : গয়েশ্বরসহ ৮শ’ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২০১৮-০১-৩১ ১২:১৪:৪৬ || আপডেট: ২০১৮-০১-৩১ ১২:১৪:৪৬

 

নিউজ ডেস্ক-

রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ছাত্রদলের দুইকর্মীসহ তিন নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় শাহবাগ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। মামলা নম্বর ৫৭ ও ৫৮।

মঙ্গলবার দিনগত মধ্যরাতে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম ও এসআই চম্পক বাদি হয়ে এ পৃথক দুটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

থানা সূত্রে জানা গেছে, মামলা দুইটিতে সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নসহ বেশ কয়েকটি ধারা জুড়ে দেয়া হয়েছে।

দায়ের করা উভয় মামলার এজাহারে হামলার নির্দেশদাতা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও সাত থেকে আটশ’ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, রাত সোয়া ১০টায় গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়া হয়েছে।

রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষ করে গাড়িতে করে তিনি পুরান ঢাকার বাসায় ফিরছিলেন। গুলশানের পুলিশ প্লাজার সামনে তার গাড়ি থামিয়ে তাকে তুলে নেয়া হয়।

এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামকেও তার শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাত ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ইস্কাটনের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে বলে দাবি করেছে বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি রাত ১টা পর্যন্ত স্বীকার করেনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় রায়ের তারিখ ৮ ফেব্রুয়ারি নির্ধারণের পর দলের নেতা-কর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন গয়েশ্বর। খালেদা জিয়ার সাজার রায় হলে সরকার পতনের আন্দোলনের হুমকিও দিয়েছিলেন বিএনপির এই নেতা।

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে মঙ্গলবার বিকালে খালেদা জিয়া গুলশানের বাসায় ফেরার পথে হাই কোর্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপিকর্মীরা। ওই ঘটনায় বিএনপিকর্মীদের বেধড়ক পিটুনির শিকার হন কয়েকজন পুলিশ সদস্য, ভাংচুর হয় তাদের গাড়ি ও আগ্নেয়াস্ত্র।

প্রিজন ভ্যানে হামলা চালিয়ে বিএনপিকর্মীরা পুলিশের হাতে আটক দুই নেতাকে ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *