চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

সু চির বাড়ির আঙিনায় পেট্রলবোমা হামলা

প্রকাশ: ২০১৮-০২-০১ ১৫:১০:১৮ || আপডেট: ২০১৮-০২-০১ ১৫:১০:১৮

আন্তর্জাতিক ডেস্ক :

রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত রোহিঙ্গা মুসলিমদের প্রত্যাবাসন নিয়ে টানাপড়েন আর আন্তর্জাতিক চাপের মধ্যেই মিয়ানমারের নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির বাড়ির আঙিনায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকালে ইয়াঙ্গুনে সু চির বাড়ির আঙিনায় বোমাটি নিক্ষেপ করা হলে আগুন ধরে যায় বলে তাঁর দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন।এ সময় সু চি বাসায় ছিলেন না। তিনি রাজধানী নেপিদোতে অবস্থান করছিলেন। আর বোমা হামলার ঘটনায় কেউ আহতও হয়নি।

সু চির দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।তবে কারা এই বোমা হামলার ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তার। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করেছে বলে সু চির দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বছর ২৫ আগস্ট সেনাবাহিনীর ওপর হামলা চালায় আরসা বিদ্রোহীরা। এরপর রাখাইনে অভিযান শুরু করে সেনাবাহিনী। এতে বহু মানুষ নিহত হন। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছে বহু নারী ও শিশু।

অভিযানের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সাত লক্ষাধিক রোহিঙ্গা। তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তিও করেছে মিয়ানমার। তবে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা মত দিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানো ঠিক হবে না। সূত্র – এন টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *