চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

আন্দোলনের জোয়ারে আওয়ামী তখত ভেসে যাবে: ফখরুল

প্রকাশ: ২০১৮-০২-০৩ ১৫:৫৪:০৫ || আপডেট: ২০১৮-০২-০৩ ১৫:৫৪:০৫

 

নিউজ ডেস্ক-

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার জন্যই সরকার তার বিরুদ্ধে বিতর্কিত রায় দেয়ার নীল নকশা করছে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, জনগণ এই ষড়যন্ত্র কোনোভাবে মেনে নেব না। প্রতিবাদী জনগণ রাজপথে নেমে এলে গণ আন্দোলনের জোয়ারে আওয়ামী তখত ভেঙে খান খান হয়ে বঙ্গোপসাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যাবে।

শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভায় উত্থাপিত মহাসচিবের প্রতিবেদনে এ কথা বলেন ফখরুল।

হোটেলের ১৪ তলার গ্র্যান্ড বল রুমে শুরু হওয়া এ সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করছেন।

 

প্রতিবেদনে ফখরুল বলেন, আমাদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমাদের মধ্যে সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সাংগঠনিক প্রক্রিয়াকে বেগবান করে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সরকার, আন্দোলনের মধ্যে দিয়েই তাকে গণদাবি মেনে নিতে বাধ্য করতে হবে। লড়াই করে টিকে থাকার কোনও বিকল্প নেই।

 

রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি। আমরা দানবীয় সরকারের মারমুখী আক্রমণের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই করে টিকে আছি। পরাজয়ের ভয়ে ভীত আওয়ামী লীগ, তাই ওরা উন্মাদের মতো হত্যা-লুণ্ঠন আর ধ্বংসের লীলায় মেতে উঠেছে।

 

আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে নগ্নভাবে নিয়ন্ত্রণ করছে উল্লেখ করে ফখরুল জানান, রাজনৈতিক বিবেচনায় প্রধানমন্ত্রীর ১৫টি মামলাসহ সরকারি দলের নেতাকর্মীদের ৭ হাজার ৬৩টি মামলা প্রত্যাহার হলেও খালেদা জিয়াসহ বিরোধী দলের নেতাকর্মীদের কোনও মামলা প্রত্যাহার হয়নি। বরং বিএনপি চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় নেতাসহ সারাদেশে ১১ লাখ ৯১ লাখ ৪৪৯ জন নেতাকর্মীদের বিরুদ্ধে ৫০ হাজার ৭৪টি মামলা দায়ের করেছে সরকার।- যুগান্তর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *