Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৩ ২৩:২৬:২০ || আপডেট: ২০১৮-০২-০৩ ২৩:২৭:৩৩

মিজবাউল হক, চকরিয়া :
চকরিয়ায় অবৈধ ভবন নির্মাণে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মো: আব্বাছ আহমদ (৫৬) নামে এক নৈশ প্রহরির মৃত্যু হয়েছে। ৩ ফেব্রুয়ারি সকাল দশটায় চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড সবুজবাগ আবাসিক এলাকার হেলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। আব্বাস আহমদ উপজেলার সাহারবিল ইউনিয়নের দক্ষিণ নালাপাড়া গ্রামের মৃত আবদুল জলিলের পুত্র। তিনি হেলাল উদ্দিনের বাড়িতে নৈশপ্রহরি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যকক্ষদর্শী সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড সবুজবাগ এলাকায় হেলাল উদ্দিনের বাড়ির উঠানে নির্মাণ শ্রমিকরা কাজ করছিল। ওইসময় বিদ্যুতের একটি তার পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকে উঠানে। এসময় নৈশপ্রহরি আব্বাছ আহমদ হাটা চলা করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, হেলাল উদ্দিন অপরিকল্পিতভাবে বাড়ির নির্মাণ কাজ করার কারণে বিদ্যুতের তারে জড়িয়ে নৈশপ্রহরির মৃতু হয়েছে। তিনি ইমারত আইনের নিয়মনীতি না মেনে পৌরশহরে বাড়ি নির্মাণ করেছেন। এছাড়াও পৌরসভা থেকেও কোন ধরণের অনুমতি নেওয়া হয়নি। ইতোমধ্যে বাড়ি নির্মাণে অনিয়ম ধরা পড়ায় পৌর কর্তৃপক্ষ বাড়িটি ভেঙ্গে নতুন করে নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু হেলাল উদ্দিন আইনকে তোয়াক্কা না করে বাড়ি নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন বলে জানান পৌর কর্তৃপক্ষ।
চকরিয়া পৌরসভার সড়ক বাতি পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব ইমারত শাখা) রাজিবুল মোস্তাফ চৌধুরী বলেন, হেলাল উদ্দিনের বাড়ি নির্মাণে চরম অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। ইতোমধ্যে বাড়িটি ভেঙ্গে দেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
চকরিয়া থানার ওসি মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।