চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন তারেক রহমান

প্রকাশ: ২০১৮-০২-০৩ ১৫:৪৫:২২ || আপডেট: ২০১৮-০২-০৩ ১৫:৪৬:৫১

 

নিউজ ডেস্ক-

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন। সভায় সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত রয়েছে। ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা ওই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকেও আসামি করা হয়েছে।

 

মামলার রায় ঘোষণার আগে শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়। সভায় দলের নির্বাহী কমিটির প্রায় সাড়ে চারশ’ সদস্য ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা অংশ নেন। শনিবার বেলা ১১টা ৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের সভাপতিত্বে সভা শুরু হয়।

 

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভার শুরুতে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের শিল্পী, সাহিত্যিক, রাজনীতিকসহ ১৭৮ জনের নামে শোক প্রস্তাব পাঠ করা হয়। সভায় খালেদা জিয়ার বক্তব্যের আগে বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে যোগ দেন তারেক রহমান। এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

 

শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি তারেক রহমান ২০০৮ সালে কারামুক্তির পর থেকে সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন। আদালতের দৃষ্টিতে ‘পলাতক’ তারেককে মুদ্রাপাচারের এক মামলায় সাত বছর কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া তিনি ঐতিহাসিক কিছু বিষয় নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার পর তার বক্তব্য গণমাধ্যমে প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।- জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *