Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৭ ১৭:৩৭:৪০ || আপডেট: ২০১৮-০২-০৭ ১৭:৩৭:৪০

নিউজ ডেস্ক- :
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কাল (বৃহস্পতিবার) কোনো গোষ্ঠী জননিরাপত্তায় বিঘ্ন ঘটাতে চাইলে পুলিশ তা মোকাবেলা করবে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় পুলিশ হেডকোয়ার্টারে খালেদা জিয়ার মামলার রায় ঘিরে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে আইজিপি এ কথা বলেন।
পুলিশপ্রধান বলেন, ঢাকাসহ দেশের সব জেলা উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ জননিরাপত্তায় বিঘ্ন ঘটাতে চাইলে পুলিশ এর মোকাবেলা করবে।
রায় ঘিরে বিএনপি ও সরকারি দল মাঠে নামায় কোনো নাশকতার সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নে আইজিপি বলেন, কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছি না। তবে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।
রায় ঘিরে নাশকতার কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা,এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো তথ্য নেই। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।
গণগ্রেফতার প্রসঙ্গে আইজপি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে কেউ ওয়ারেন্টভুক্ত আসামি, কেউ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। এটি নিয়মিত প্রক্রিয়া।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।