admin
প্রকাশ: ২০১৮-০৪-১৪ ২২:০০:৪৮ || আপডেট: ২০১৮-০৪-১৪ ২২:০০:৪৮

স্টাফ রিপোর্টার :
ডিসি হিলে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার ব্যাপারে নানামুখী শর্ত আরোপ করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা প্রশাসক। এর প্রতিবাদে বিগত কয়েকদিন ধরে চট্টগ্রামের সংস্কৃতি কর্মীরা প্রতিবাদ সমাবেশ,মানববন্ধনসহ জনআবেদন জোরালো করতে নানামুখী কর্মসুচি পালন করছে। চট্টগ্রামের ঐতিহ্য-সং¯ৃ‹তির প্রাণকেন্দ্র ডিসি হিলকে নিয়ে প্রশাসনের এহেন নিষেধাজ্ঞার কারণে জনমনে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে ডিসি হিলে সাংস্কৃতিক কর্মকান্ড চলমান রাখার এই আন্দোলনে সংস্কৃতি কর্মীদের সাথে এবার একাত্ম হয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
ডিসি হিলে আগের মত যেকোন সাংস্কৃতিক কর্মকান্ড অব্যাহত রাখার ব্যাপারে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সিটি মেয়র সংস্কৃতি কর্মীদের সাথে প্রত্যয় ব্যক্ত করে বলেন, ডিসি হিলে যেকোন সাংস্কৃতিক কর্মকান্ড আগের মতোই চলবে। চট্টগ্রামের সংস্কৃতি চর্চার সাথে ডিসি হিল ওতপ্রোতভাবে জড়িত। এ সত্য কথাটি প্রশাসন জানেন। আমার জানামতে এখানে সাংস্কৃতিক কর্মকান্ড আয়োজনের ব্যাপারে সরকারি কোন নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের বাসভবন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সৃষ্ট শব্দকম্পনের কারণে উনাদের সামান্য অসুবিধার সৃষ্টি হচ্ছে। কিন্তু এ সমস্যা তো সহজে সমাধানযোগ্য।
আজ বিকেলে ডিসি হিলের বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,ডিসি হিলে সাংস্কৃতিক কর্মকান্ড চলবে। বিগত ৪০ বছর ধরে এখানে নববর্ষের অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে। নববর্ষের উৎসব বলতে চট্টগ্রামের মানুষ ডিসি হিলের অনুষ্ঠানকেই বোঝেন।সুতরাং চট্টগ্রামের নববর্ষ পালনের ইতিহাসের সাথে ডিসি হিলও জড়িয়ে গেছে। ডিসি হিলে সাংস্কৃতিক কর্মকান্ড বন্ধ করা যাবে না।
প্রয়োজনে আমি বিভাগীয় কমিশনার এবং ডিসি মহোদয়ের সাথে বসবো। আলাপ-আলোচনা করব। এ ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা যায় তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। উনাদের অসুবিধাগুলো পর্যালোচনা করা হবে। অনুষ্ঠান আয়োজনে সরকারি কর্মকর্তাদের যাতে কোন সমস্যা সৃষ্টি না হয় সে ব্যাপারে সংস্কৃতি কর্মীদের সাথে আলোচনা করা হবে। পরিস্থিতি বিবেচনা করে যাতে নির্ধারিত সময়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয় বা নিয়ন্ত্রিত কর্মসুচি পালন করা হয় সে বিষয়েও পরিকল্পনা গ্রহণের জন্য সংস্কৃতি কর্মীদেরকে অনুরোধ জানানো হবে।
এসময় বর্ষবরণ উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে আহমেদ ইকবাল হায়দার,প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ উপস্থিত ছিলেন।