admin
প্রকাশ: ২০১৮-০৪-১৭ ২১:০৫:১৬ || আপডেট: ২০১৮-০৪-১৭ ২১:০৫:১৬

বীর কন্ঠ ডেস্ক :
দায়িত্ব নেওয়ার পর বছর না পেরুতেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আরাস্তু খান।মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগপত্র জমা দেন। আরাস্তু খানের পদত্যাগের পর সভা থেকে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে।
জানা যায়, আরাস্তু খান ব্যক্তিগত কারণ দেখিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগের পরপরই ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে চেয়ারম্যান আরাস্তু খানের ছবি সরিয়ে ফেলা হয়েছে।
এর আগে গত বছরের ৫ জানুয়ারি আরাস্তু খানকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নির্বাচন করা হয়। সেসময় ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপক সৈয়দ আহসানুল আলম এবং এমডি হিসেবে নিয়োগ দেয়া হয় মো. আব্দুল হামিদ মিঞাকে।
চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির শীর্ষ ৫ জন কর্মকর্তাকে অপসারণ করা হয়। যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছিল- তারা সবাই পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা আরাস্তু খান এর আগে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন।