admin
প্রকাশ: ২০১৮-০৪-১৭ ১৭:২১:৪৭ || আপডেট: ২০১৮-০৪-১৭ ১৭:২১:৪৭

বীর কন্ঠ ডেস্ক :
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব আলমকে বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১৯ এপ্রিল (বৃহস্পতিবার) লোহাগাড়ায় তার শেষ কর্মদিবস। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
জানা গেছে, সম্প্রতি লোহাগাড়ায় বেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে দুই পুড়িয়া গাঁজাসহ গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে আট মাসের কারাবাসের আদেশ দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।
এ ঘটনায় ভিকটিম বেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করলে লোহাগাড়া থানার তৎকালীন ওসি শাহজাহান ও ইউএনও মাহবুব আলমকে তলব করেন উচ্চ আদালত। দুই দিন শুনানি শেষে ওসি শাহজাহানকে বদলির নির্দেশ দেন উচ্চ আদালত। তবে এ যাত্রায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে বেঁচে যান উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম।
এদিকে, লোহাগাড়ার পদুয়ায় একটি কবরস্থানের বাউন্ডারি ওয়াল ভেঙেও ব্যাপক সমালোচিত হন ইউএনও মাহবুব আলম। পরে আদালতের নির্দেশে পুনরায় সেই বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ঘটনাস্থল পরিদর্শন করেন।