চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

বান্দরবানে তামাক চাষী অপহরণ 

প্রকাশ: ২০১৮-০৪-১৮ ১৮:৪৩:১০ || আপডেট: ২০১৮-০৪-১৮ ১৮:৪৩:৩৭

বেলাল আহমদ, বীর কন্ঠ :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নে সাইফুল ইসলাম (১৯) নামের এক তামাক চাষীকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। সে ইউনিয়নের বাঁকখালী মৌজার মামা-ভাগিনার ঝিরি এলাকার নুর মোহাম্মদের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ১টায় তামাক ক্ষেতের খামার বাড়ী থেকে তাকে অপহরণ করে।

প্রত্যক্ষদর্শী অপহৃত যুবক সাইফুল ইসলামের পিতা নুর মোহাম্মদ জানান, রাতে খাবার খেয়ে তারা প্রতিদিনের ন্যায় তামাক ক্ষেতের খামার বাড়িতে ঘুমিয়ে পড়ছিল। রাত ১২টা ৩০ মিনিটের সময় ৭/৮ জনের সশস্ত্র সন্ত্রাসীরা এসে খামার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কোন কথা বলার আগেই এলোপাতাড়ি মারধর শুরু করে এবং হাত বেঁধে খামার ঘর থেকে পিতা-পুত্র দুজনকে গহীন জঙ্গলে নিয়ে যায়। কিছু দূর নেওয়ার পর অপহৃত যুবকের পিতা নুর মোহাম্মদকে ছেড়ে দিলেও ছেলে সাইফুল ইসলামকে ধরে নিয়ে যায়। ঐ সময় সন্ত্রাসীরা নুর মোহাম্মদকে বলে দেয় ছেলেকে জীবিত ফেরত পেতে হলে মুক্তিপনের জন্য টাকা জোগাড় করে রাখতে হবে। তিনি ফেরত এসে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহকে জানালে তিনি নাইক্ষ্যংছড়ি থানায় ঘটনাটি অবহিত করেন। এদিকে অপহৃত যুবকের পিতা বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানা পুলিশকে জানান।

ঘটনার সত্যতা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর শেখ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশের একটি টহল দলকে পাঠান এবং সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করছেন। তিনি আরো বলেন, পুলিশের পাশাপাশি নাইক্ষ্যংছড়িস্থ ৩১ বিজিবির একটি টহল দলও অপহৃতকে উদ্ধারে অভিযান পরিচালনা করছেন।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারী একই গ্রাম থেকে ৪ তামাক চাষীকে অপহরণ করেছিল এবং অপহরণের ৬দিন পর চার তামাক চাষীকে মুক্তিপনের বিনিময়ে ছেড়ে দিয়েছিল। বিগত বছরগুলোতে দোছড়ি ইউনিয়ন থেকে বেশ কিছু তামাক চাষী ও কৃষককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। বর্তমানে সন্ত্রাসীদের আতংকে এলাকার লোকজন ও ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *