admin
প্রকাশ: ২০১৮-০৪-১৯ ০০:১৯:৩৬ || আপডেট: ২০১৮-০৪-১৯ ০০:১৯:৩৬

বীর কন্ঠ ডেস্ক :
সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই সহোদরসহ সাত বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের চারজনের বাড়ি কুমিল্লায়। এদের দু’জন সহোদর বলে জানা গেছে।
দুই সহোদর হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২)।
কুমিল্লার অন্য দু’জনের মধ্যে একজন গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)। তবে অপরজনের বিস্তারিত পরিচয় সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।বুধবার বিকালে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বজনরা।
জানা গেছে, দুই সহোদর এমরানুল হক মুন্না ও ইমামুল সোহেলসহ নিহত সাত বাংলাদেশি সৌদি আরবের হোলাইফা শহর এলাকায় চাকরি করতেন।
মঙ্গলবার রাতের খাবার শেষে একই কক্ষে ঘুমিয়ে পড়েন সাত বাংলাদেশি। বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ওই কক্ষের সাতজনই প্রাণ হারান।
নিহত অপর তিনজনের মধ্যে দু’জনের বাড়ি নোয়াখালী ও একজনের বাড়ি ফেনী বলে জানা গেছে।
এদিকে, পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে প্রবাসে গিয়ে এমন করুণ মৃত্যুর খবরে নিহতদের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।