admin
প্রকাশ: ২০১৮-০৪-২১ ১৭:৫৪:৩৩ || আপডেট: ২০১৮-০৪-২১ ১৭:৫৪:৩৩

আন্তর্জাতিক ডেস্ক, বীরকন্ঠ
দুই দিনব্যাপী ২৫তম কমনওয়েলথ সম্মেলনের শেষ দিন গতকাল শুক্রবার গৃহীত যৌথ ইশতেহারে রোহিঙ্গা ইস্যুতে একটি সুনির্দিষ্ট প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এতে রোহিঙ্গাদের ওপর গণহারে মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধীদের স্বাধীন তদন্ত প্রক্রিয়ায় জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে কমনওয়েলথ।
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউনাইটেড ন্যাশনস হাইকমিশন ফর রিফিউজির মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের টেকসই প্রত্যাবর্তনেরও আহ্বান জানান কমনওয়েলথ দেশগুলোর প্রধানরা।
লন্ডনের স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রেস ব্রিফিংকালে যৌথ ঘোষণার ৫০ অনুচ্ছেদে রোহিঙ্গা ইস্যুটি স্থান পাওয়ার কথা জানান। তিনি জানান, সমাপনী দিনে ৫৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নতুন কমনওয়েলথ গড়ার সর্বসম্মত অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি আরো জানান, অন্যান্য কাজের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে কথা বলেছেন। ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক/তুহিন
