admin
প্রকাশ: ২০১৮-০৪-২৫ ০০:৫১:৪৬ || আপডেট: ২০১৮-০৪-২৫ ০০:৫১:৪৬

স্টাফ রিপোর্টার :
বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চাপাছড়িতে শ্বশুর বাড়িতে কথা কাটাকাটির জের ধরে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ এ্রপ্রিল) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার মো. ফারুক (৩২) একই ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের জাকের আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদ সদস্য কাজী মমতাজ উদ্দিন জানান, চাপাছড়ির লালগাজী চৌধুরী বাড়িতে কথা কাটাকাটির একপর্যায়ে মেয়ের জামাইকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছে শ্বশুরবাড়ির লোকজন। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ফারুক নামে এক যুবক গতরাতে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখানে কোন একটি বিষয়ে শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্বশুর বাড়ির লোকজন তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ওই যুবকের মাথা রক্তাক্ত ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।