admin
প্রকাশ: ২০১৮-০৪-২৭ ১৬:২৪:৩৫ || আপডেট: ২০১৮-০৪-২৭ ১৬:২৪:৩৫

বীর কন্ঠ ডেস্ক :
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম নুরু সদর উপজেলার পূর্বজাফরপুর এলাকার সামছুদ্দোহার ছেলে; যাকে ডাকাত বলে দাবি করছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মদ জানান, গণিপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে নুরু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
নুরুল আলম তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জসহ বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে।