admin
প্রকাশ: ২০১৮-০৫-০১ ০০:৫৯:২৫ || আপডেট: ২০১৮-০৫-০১ ০০:৫৯:২৫

বীর কন্ঠ ডেস্ক :
সন্ত্রাস ও মাদকমুক্ত চট্টগ্রাম নগরী গড়ে তোলার প্রত্যয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘অপরাধী আমার সন্তান হলেও তাকে ছাড় দেয়া হবে না। জনস্বার্থে সন্ত্রাস ও মাদকসেবীদের নির্মূল করতে যা যা করার প্রয়োজন তাই করা হবে। সন্ত্রাসীদের কোনো দল নেই।’
সোমবার দুপুরে নগরীর জালালাবাদ ওয়ার্ডে আলপনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী নাগরিক সমাবেশে মেয়র এসব কথা বলেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমাদের প্রিয় নগরী চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করতে সব শ্রেণির মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেভাবে নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সব শ্রেণি ও পেশার নাগরিকদের নিয়ে কমিটি গঠন করে পাড়ায় মহল্লায় জঙ্গি ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ সাহেদ ইকবাল বাবু। চসিকের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আইন-শৃঙ্খলাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এইচ এম সোহেল, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম, বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সফিউল আলম সগির।