চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

আমি যা কিছু করেছি এবং করছি দেশের কল্যাণের জন্যই : প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৮-০৫-০১ ২১:১৪:২৫ || আপডেট: ২০১৮-০৫-০১ ২১:১৪:২৫

বীর কন্ঠ ডেস্ক :

এক শ্রেণির শ্রমিক নেতাদের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে দেশের বিরুদ্ধে বদনামের অশুভ তৎপরতা চালিয়ে কোনো লাভ হবে না। যতদিন ক্ষমতায় আছি, ততদিন এসব করে কোনো লাভ হবে না। মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যতদিন ক্ষমতায় আছি বাইরের কারো কাছে নালিশ করে কোনো লাভ হবেনা। আমি জাতির জনকের কন্যা এবং দেশ ও দেশের মানুষকে ভালোবেসেই রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছি। আমি যা কিছু করেছি এবং করছি দেশের কল্যাণের জন্যই।’

তিনি বলেন, ‘লাখো শহীদের রক্তে রঞ্জিত আমাদের এই স্বাধীনতা। এই স্বাধীনতাকে সমুন্বত রাখা, দেশবাসী এবং দেশকে বিশ্বের দরবারে সম্মানিত করা- এটাই আমার লক্ষ্য, কারো কাছে মাথা নিচু করা নয়।’

শেখ হাসিনা বলেন, আমাদের দেশের দুর্ভাগ্য আমি বলব- কিছু কিছু লোক শ্রমিক নেতা সাজতে গিয়ে- যারা জীবনে শ্রমিক হিসেবে কাজ করুক আর নাই করুক, শ্রমিকদের উপর একটু খবরদারি করে। আর একটু কিছু হলেই বিদেশিদের কাছে গিয়ে নালিশ করে, আর দেশের বদনামটা তুলে ধরে।

তিনি বলেন, এই বদনামটা তুলে ধরতে গিয়ে হয়তো একখানা টিকিট বিনে পয়সায় পান, বিদেশে থাকার একটু সুযোগ পান, একটু সেখানে যেতে পারেন, কিছু সুযোগ-সুবিধা পান।

 

‘আর ওই একটু সুযোগের জন্য দেশের বদনামটা বাইরে গিয়ে করে আসা দেশের জন্য যে কতটা ক্ষতিকর, সেটা তারা অনেকেই বুঝতে পারেন না। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের’ যোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশটা আমাদের, এদেশটাকে আমাদেরই গড়ে তুলতে হবে। আর দেশের অর্থনৈতিক অবস্থা যত ভালো হবে ততই সকলের কল্যাণ হবে। সকলেরই জীবন মান উন্নত হবে। এই কথাটা বুঝতে হবে, দেশপ্রেম থাকতে হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মুন্নুজান সুফিয়ান, আইএলও প্রতিনিধি গগন রাজভান্ডারি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট কামরান টি রহমান, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান এবং জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহত শ্রমিক পরিবারের সদস্য এবং শ্রমিকদের মেধাবী সন্তানদের মধ্যে শ্রমিক কল্যাণ তহবিল থেকে অনুদানের চেকও বিতরণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *