চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সরকার শ্রমিকদের সার্বিক কল্যাণে নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করছে – আ জ ম নাছির

প্রকাশ: ২০১৮-০৫-০১ ২০:৪৯:৪১ || আপডেট: ২০১৮-০৫-০১ ২০:৪৯:৪১

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘শ্রমিকদের জীবন মান উন্নতকরণে বর্তমান সরকার একের পর এক উদ্যোগ বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শ্রমিকদের বেতন স্কেল আগের তুলনায় ১০৮ গুণ বৃদ্ধি করেছে।’

মঙ্গলবার (০১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে নগরের লালদীঘি ময়দানে নগর ও আঞ্চলিক শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

শ্রমিকদের ঘামে ভেজা শ্রমের উপর দাঁড়িয়েই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে উল্লেখ করে প্রধান বক্তার বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, ‘সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন স্কেল করা হয়েছে ৮ হাজার ২০০ টাকা। একই সাথে উৎসব বোনাসও প্রদান করা হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন স্কেল ৫ হাজার ২০০ টাকা ধার্যকরণে আইন করা হয়েছে। এ সরকার শ্রমিকদের সার্বিক কল্যাণে নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করছে।’

নগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে ও আবু আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধূরী নওফেল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শফর আলী, আবদুল আহাদ।

এছাড়াও মে দিবস উপলক্ষে একই দিন সকালে নগরের মুসলিম ইন্সটিটিউট হলে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর আয়োজিত মালিক-শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর পরিচালক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন উপ-মহাপরিদর্শক মো. আবদুল হাই খান, বিভাগীয় শ্রম দপ্তর সহকারি পরিচালক মোশাররফ হোসেন, চট্টগ্রাম চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শফর আলী, নগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, জাতীয় শ্রমিক পার্টি সভাপতি এম এ সাত্তার, শ্রমিক নেতা শফি বাঙালি, মো. ফারুক, মো. জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন চৌধুরী, নাসরিন রহমান, মোরশেদ আলম, আখি আকতার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *