admin
প্রকাশ: ২০১৮-০৫-০২ ১৭:১২:৪১ || আপডেট: ২০১৮-০৫-০২ ১৭:১২:৪১

বীর কন্ঠ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলন হয়েছে; সেটা মেনেও নিয়েছি। কোটার দরকার নেই। এখন আর এটা নিয়ে কথা কেন।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর সম্পর্কে জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আর এদিকে ছাত্রলীগের সম্মেলন ও কমিটি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,’প্রধানমন্ত্রী বলেন, মেধাবী নেতৃত্ব নিয়ে আসতে হয় সমঝোতা, না হয় ভোট হবে। ভোটের আবার ভালো দিকও আছে, মন্দ দিকও আছে।’
শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের কনফারেন্স যেভাবে হয়, হবে। আমাদের একটা নিয়ম আছে। ইতোমধ্যে কে কে প্রার্থী, তাদের কাছ থেকে প্রস্তাব এসেছে এবং ফরম ছাড়া হয়ে গেছে। সবাইকে নিয়ে বসা হয়। সমঝোতার চেষ্টা করা হয়। সমঝোতা না হলে ভোট হয়। সমঝোতা করে হবে বা আলোচনা করে হবে- এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর যদি সমঝোতায় না হয়, তাহলে ভোট হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের আবার কিছু ভালো দিক আছে, মন্দ দিকও আছে। এটাও দেখতে হবে। আমরা চাই উপযুক্ত নেতৃত্ব ও ছাত্র। বয়সসীমা বেঁধে দেওয়া আছে। বয়সসীমার মধ্যে যারা সত্যিকারের ছাত্র, যারা মেধাবী, তারা যেন নেতৃত্বে আসে,সেটাই আমরা চাই। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব।’ আওয়ামী লীগই স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া শুরু করেছিল বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।