চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

পতেঙ্গায় কর্ণফুলী নদীর পাড় থেকে উদ্ধার মৃতদেহটির পরিচয় মিলেছে

প্রকাশ: ২০১৮-০৫-০২ ১৯:২৫:০১ || আপডেট: ২০১৮-০৫-০২ ১৯:২৫:০১

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর পাড় থেকে উদ্ধার মৃতদেহটি নগরীর সানশাইন ইংলিশ গ্রামার স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীর বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

নদীর পাড়ে পাথরের উপর উপুড় হয়ে থাকা লাশের ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা থানায় গিয়ে পরিচয় নিশ্চিত করে বলে অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফীন জুয়েল জানিয়েছেন।

 

তাসফিয়া আমিন নামে ওই শিক্ষার্থীর বাসা নগরীর ও আর নিজাম রোডে। বাবা মো. আমিন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী।

বুধবার সকালে পতেঙ্গার ১৮ নম্বর ঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার দুই চোখের উপরে ও হাঁটুতে হাল্কা আঘাতের চিহ্ন এবং মুখের মধ্যে ফেনা ছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা জুয়েল বলেছিলেন, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।

পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করার পর মঙ্গলবার সন্ধ্যা থেকে তাসফিয়ার নিখোঁজ থাকার বিষয়টি জানা যায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জুয়েল  বলেন, এক মাস আগে অন্য স্কুলের আদনান নামের এক ছাত্রের সাথে তাসফিয়ার সম্পর্ক গড়ে উঠেছিল।

“তারা দুইজন মিলে মঙ্গলবার বিকালে গোলপাহাড় এলাকায় চায়না গ্রিল নামে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। ওই ছেলে মেয়েটির পরিবারের সাথে দেখা করে জানিয়েছিল, সন্ধ্যার আগে সে তাসফিয়াকে বাসায় যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশায় তুলে দিয়েছিল।”

কীভাবে পতেঙ্গায় তার লাশ পাওয়া গেল সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *