admin
প্রকাশ: ২০১৮-০৫-০৪ ০০:৪২:৫০ || আপডেট: ২০১৮-০৫-০৪ ০০:৪২:৫০

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পানি উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হালিশহর বড়পোল এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি কারখানা সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার উত্তর হালিশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. তৌহিদুল ইসলাম।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- বড়পোল নতুন পাড় এলাকার ওহী ইন্টারন্যাশনাল, মইন্যাপারার এ জে এন্টারপ্রাইজ ও সুন্দরীপাড়ার এ এম এস ইন্টারন্যাশনাল। এর মধ্যে সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মানদণ্ড ভঙ্গ করায় এ জে এন্টারপ্রাইজকে সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পানি উৎপাদন, বিএসটিআইয়ের মানদণ্ড ভঙ্গ করা ও পানিতে জীবানু নিয়ন্ত্রণের পর্যাপ্ত পেস্ট কন্ট্রোল সিস্টেম না থাকাসহ বিভিন্ন কারণে হালিশহরের তিনটি পানি উৎপাদন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‘এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ভঙ্গের দায়ে এ জে এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে’-বলেন তৌহিদুল ইসলাম।