admin
প্রকাশ: ২০১৮-০৫-০৪ ১৫:১৬:০০ || আপডেট: ২০১৮-০৫-০৪ ১৫:১৯:৩৯

বীর কন্ঠ ডেস্ক :
রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে চারজন নিহত হয়েছে।
শুক্রবার (০৪ মে) দুপুরে উপজেলার বেতছড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাহাড়ের সংগঠন ইউপিডিএফ’র (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মার নাম জানা গেছে। সংগঠনটির মিডিয়া উইং নেতা লিটন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন টিটু বলেন, গুলিতে নিহত দুইজনকে খাগড়াছড়ি হাসপাতালে আনা হয়েছে। আর আহত চারজন খাগড়াছড়ি ও আরও চারজনকে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। আর বাকি দুইজন নিহতের বিষয়টি স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার (০৩ মে) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ-জেএসএস সংস্কার) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এসময় গুলিবিদ্ধ হন তার সঙ্গে থাকা একই সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রূপম চাকমাও।- বাংলানিউজ