চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতির পোড়া লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৫-০৪ ১৫:৩৬:০৮ || আপডেট: ২০১৮-০৫-০৪ ১৫:৩৬:০৮

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বাড়ির শোয়ার ঘর থেকে আবুল হাশেম ওরফে বাচা নামে যুবলীগের সাবেক এক নেতার পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাতটার দিকে পৌরসভার ইছামতী ৯ নম্বর ওয়ার্ডের ওই বাড়িটিতে তাঁর লাশ পাওয়া যায়।

উপজেলা যুবলীগের বর্তমান সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী জানান, আবুল হাশেম উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। ফটক দিয়ে ভেতরে ঢুকলে পাওয়া যায় পোড়া গন্ধ। পরে শয়নকক্ষে পুড়ে যাওয়া দেহ দেখা যায়। দেহের পাশেই পড়ে ছিল একটি গ্যাস সিলিন্ডার। পুরো কক্ষের আসবাব পুড়ে গেছে। কোনো কিছু অবশিষ্ট নেই।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা দুলাল কুমার মিত্র বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়টি জটিল। তদন্ত করে জানা যাবে।’

আবুল হাশেমের ভাইপো (ভাইয়ের ছেলে) মো. বেলাল (২১) প্রথম আলোকে বলেন, সকাল সাতটার দিকে প্রতিবেশীরা পাকা ঘরের ভেন্টিলেটর দিয়ে ধোঁয়া দেখতে পান। পরে তাঁরা গিয়ে বাড়ির গেটে তালা ঝোলানো দেখেন। তালা ভেঙে তাঁর শয়নকক্ষে পোড়া দেহ দেখতে পান।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা প্রথম আলোকে বলেন, ‘পোড়া দেহের পাশে গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে। এ ছাড়া পুরো কক্ষের সবকিছু পুড়ে গেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হচ্ছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *