চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত 

প্রকাশ: ২০১৮-০৫-১৩ ১৯:৪৯:২২ || আপডেট: ২০১৮-০৫-১৩ ১৯:৪৯:২২

বীর কন্ঠ ডেস্ক :

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে সৌদির তায়েফ শহরে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার ৫ মিনিট আগে স্ত্রী-মেয়ের সঙ্গে তার শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়।

নিহত আজাদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট এলাকার আবদুল করিম বেপারি বাড়ির মৃত হেদায়েত উল্যার ছেলে। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

জানা যায়, দুর্ঘটনার দিন আজাদ তার স্ত্রী ও মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তখন আজাদ তাদেরকে জানায়, প্রবাস জীবন তার কাছে আর ভালো লাগে না। কিছুদিন পর বাড়িতে আসার কথা জানান। এবার বাড়িতে এলে আর বিদেশ যাবে না। পরিবারের সবাই একসঙ্গে রোজা রাখবে ও ঈদ উদযাপন করবে। এসব কথা বলে সবার খোঁজখবর নিয়ে ফোন রেখে দেন। এর ৫ মিনিট পরই তায়েফ শহরে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন আজাদ।

 

নিহতের বড় ভাই স্কুলশিক্ষক শাহ আলম বলেন, ২০ বছর ধরে আজাদ প্রবাস রয়েছে। দেড় মাস আগে ছুটিতে তিনি বাড়িতে আসে। আবার কর্মস্থলে চলে যান। সেখানে ঠিকাদারির কাজ করতেন। তার স্ত্রী খাদিজা বেগম, চার মেয়ে ও সিঙ্গাপুর প্রবাসী এক ছেলে রয়েছে।

রায়পুরের বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি বলেন, নিহত প্রবাসী আজাদ ভালো মানুষ ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যতে পরিবারের সঙ্গে আমরাও শোকাহত। দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *