admin
প্রকাশ: ২০১৮-০৫-১৯ ২০:০৬:৩০ || আপডেট: ২০১৮-০৫-১৯ ২০:০৬:৩০

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার লিচু বাগানে দোকান দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার (১৯ মে) ভোর ৫ টার দিকে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাওলানা ফয়জুল্লাহ (২৮) এলাকার জানে আলমের পুত্র। তাঁর বাড়ি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায়। অভিযুক্ত আবদুল আলীমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মো. জানে আলম জানান, “ কিছুদিন আগে চন্দ্রঘোনা লিচুবাগানের দুই ভাইয়ের দোকানের মালিকানা নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। দোকানের বিরোধ নিয়ে মামলাও হয়। সালিশে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দোকান বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত দেয়া হয়। কিন্তু খবর পায় আবদুল আলীমের লোকজন দোকানে কাজ করছেন। খবর পেয়ে আমরা বাঁধা দিতে গেলে তাঁরা আমাদের ওপর গুলি ছুঁড়ে। একটি গুলি ফয়জুল্লাহর ডান চোখে গিয়ে লাগে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ”
এই ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করেছে। হামলার ঘটনায় ফয়জুল্লাহর জেঠাত ভাই আহমদ উল্লাহ ওরফে খোকনকে দায়ী করেছেন তাঁরা। তবে তিনি ঘটনার সাথে জড়িত নয় দাবি করে মুঠোফোনে বলেন, “ ২০/৩০ জন লোক বাজারের তাঁদের দুটি দোকান ভাঙতে গেলে খবর পেয়ে তার পিতা আবদুল আলীম ও সুমন বাঁধা দিলে তাদের উপর চড়াও হয়। ” হামলায় তিনি মারাত্বক আহত হন বলে দাবি করেন । তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বাসিন্দা আবদুল আলীম ও ছোট ভাই জানে আলমের সাথে দীর্ঘদিন ধরে বাজারের দোকান ভাগাভাগি ও জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, “ দুই ভাইয়ের মধ্যে দোকান ভাগাভাগি নিয়ে মারামারির ঘটনা হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। ”