admin
প্রকাশ: ২০১৮-০৫-২১ ১৭:২৭:৫৭ || আপডেট: ২০১৮-০৫-২১ ১৭:২৭:৫৭

আন্তর্জাতিক ডেস্ক :
চলতি বছরের শেষ থেকে সংযুক্ত আরব আমিরাতে শতভাগ বিদেশি মালিকানার প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করা যাবে। রোববার দেশটির মন্ত্রিসভা আরব আমিরাতে বিদেশি বিনিয়োগকারীদের সম্পূর্ণ নিজস্ব ব্যবসা শুরুর প্রক্রিয়ার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আরব আমিরাতে বিনিয়োগ ও অভিবাসন সংক্রান্ত নিতিমালায় যেসব বৃহত্তর পরিবর্তন আনা হচ্ছে, তার আওতায় এই অনুমোদন দেয়া হল।
নতুন নীতিমালার আওতায় বিনিয়োগকারী এবং বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা ও গবেষণা ক্ষেত্রের বিশেষজ্ঞদেরকে ১০ বছর পর্যন্ত রেসিডেন্সি (আবাসন) ভিসা দেয়া হবে।
মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করেন আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। তিনি দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রীকে নতুন সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেন এবং এবছরের শেষে এর প্রভাব সম্পর্কে অবহিত করতে বলেন।
বর্তমানে বিশেষ ‘ফ্রি জোনের’ আওতায় না থাকলে বিনিয়োগকারীরা সংযুক্ত আরব আমিরাতের কোনও প্রতিষ্ঠানের ৪৯ শতাংশের বেশি অংশীদার হতে পারেন না।