admin
প্রকাশ: ২০১৮-০৫-২৩ ১৭:১৭:৫১ || আপডেট: ২০১৮-০৫-২৩ ১৭:১৭:৫১

বীর কন্ঠ ডেস্ক :
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে দুইটি ফ্লাইট।বিমান বন্দর কর্তৃপক্ষ বলছেন, বৈরী আবহাওয়ার কারণেই এমনটা করতে হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে দাম্মাম থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট (৭৫৬) শাহজালালে নামতে না পেরে শাহ আমানতে এসে অবতরণ করে। প্রায় একই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে যাওয়া ফ্লাইট (১৪৮) শাহজালালে নামতে ব্যর্থ হয়ে শাহ আমানতেই ফেরত আসে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার-ই-জামান জানান, রিজেন্টের ওই আন্তর্জাতিক ফ্লাইট এবং বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটটি শাহজালালে অবতরণের কথা ছিলো। তবে বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানতে অবতরণ করেছে।
তিনি জানান, এক ঘণ্টা পর শাহজালালের আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইট দুইটি শাহ আমানত থেকে ঢাকার দিকে উড়ে গেছে।- পরিবর্তন ডটকম