admin
প্রকাশ: ২০১৮-০৫-২৭ ০৪:৪৩:৪৯ || আপডেট: ২০১৮-০৫-২৭ ০৪:৪৩:৪৯

স্পোর্টস ডেস্ক :
চলতি মৌসুমে ফর্মের মগডালে মোহাম্মদ সালাহ। তার ডানায় চড়েই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল লিভারপুল। তাকে ঘিরেই দীর্ঘ ১৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল অলরেডরা। সেই যাত্রায় বড়সড় ধাক্কা খেল তারা।
ইউক্রেনের কিয়েভে শনিবার দিবাগত রাতে ফাইনালি লড়াইয়ে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। সেই মহারণে চোট পেয়ে মাঠ ছাড়লেন সালাহ। তাতে ইউরোপসেরা টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বপ্ন খানিকটা থমকে গেল ইংলিশ ক্লাবটির।
শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথমার্ধেই ঘটনাটি ঘটে। শুরুর ২৫ মিনিটে সার্জিও রামোসের ট্যাকলে চোট পান সালাহ। এতে ব্যথায় কাতরাতে থাকেন তিনি। মাঠেই চিকিৎসা দেন ফিজিও। তবে তাতে কাজ হয়নি। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে ময়দান ছাড়েন লিভারপুল প্রাণভোমরা।
বিষয়টি মিসরের জন্য বড় দুঃসংবাদ। সন্নিকটে রাশিয়া বিশ্বকাপ। সালাহকে ঘিরেই সেখানে অঘটনের স্বপ্ন দেখছে নীলনদ ও পিরামিডের দেশটি।- যুগান্তর