চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে হামলা

প্রকাশ: ২০১৮-০৫-৩১ ০২:২২:৫৬ || আপডেট: ২০১৮-০৫-৩১ ০২:২২:৫৬

বীর কন্ঠ ডেস্ক :

ফটিকছড়িতে একটি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে সাকা চৌধুরীর ভাই ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাড়ি নগরীর গুডস হিলে হামলা-ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ।

বুধবার রাত ৮টায় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করে গুডস হিলে ভাংচুর করে। এ সময় সেখানে থাকা বেশ কিছু গাড়ি ভাংচুর করা হয়। একইসঙ্গে রাস্তায় নেমেও ছাত্রলীগ যানবাহন ভাংচুর এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এর আগে বিকালে ছাত্রলীগ গিয়াস কাদের চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে।

 

এ ঘটনায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। বুধবার ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন বাদী হয়ে আদালতে এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

 

মামলার এজাহারে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘বঙ্গবন্ধুর চেয়েও শেখ হাসিনার বিদায় বা পরিণতি খারাপ হবে।’ এ ঘটনাকে শেখ হাসিনাকে হত্যার হুমকি বলে অভিহিত করা হয়।

অভিযুক্ত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই। গুডস হিলে সাকা চৌধুরী ও গিয়াস কাদের চৌধুরীর বাড়ি রয়েছে।– যুগান্তর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *