admin
প্রকাশ: ২০১৮-০৫-৩১ ০৩:৫২:৩৬ || আপডেট: ২০১৮-০৫-৩১ ০৩:৫২:৩৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের নেছারিয়া পাড়া থেকে দেশীয় তৈরী একটি দু’নলা বন্দুকসহ মো. সাইফুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছেন রাঙ্গুনিয়া থানার পুলিশ। সে বাঁশখালী উপজেলার মালিনী মুড়া গ্রামের পাতলা মার্কেট এলাকার জমির আহমদের পুত্র। রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটা মৌলানা গ্রামের নেছারিয়া পাড়ায় তার মামার বাড়ি থেকে পুলিশ তাকে আটক করেন।
পুলিশ এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী একটি দু’নলা বন্দুক ও ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জাম উদ্ধার করেন। পুলিশের অভিযান চলাকালে ধৃত সাইফুলের মামা মো. শাহ আলম প্রকাশ কালা বাচা (৩৬) পালিয়ে যান বলে পুলিশ জানায়। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক পীযুষ চন্দ্র সিংহ মঙ্গলবার (২৯ মে) রাত ৯টায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেন এবং আসামীকে আটক করেন। বুধবার (৩০ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা সুত্র জানায়, রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটা মৌলানা গ্রামের নেছারিয়া পাড়ার মৃত মনির আহমদের ছেলে মো. শাহ আলম প্রকাশ কালা বাচার ঘরে তার ভাগিনা বাঁশখালির সাইফুল ইসলামসহ অবৈধ অস্ত্র ও ইয়াবা বিক্রি করছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পীযুষ চন্দ্র সিংহের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় ধাওয়া করে ভাগিনা সাইফুল ইসলামকে আটক করলেও ঘরের বেড়া ছিড়ে মামা মো. শাহ আলম পালিয়ে যান। ধৃত সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ি মামা শাহ আলমের ঘর থেকে একটি দেশীয় তৈরী দু’নলা বন্দুক ও ৩৮ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ। এঘটনায় এসআই পীযুষ চন্দ্র সিংহ বাদী হয়ে মামা ও ভাগিনাকে আসামী করে থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেন।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক শাহ আলমকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।