admin
প্রকাশ: ২০১৮-০৬-০১ ১৫:৩০:২৬ || আপডেট: ২০১৮-০৬-০১ ১৫:৩০:২৬

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার থেকে পিস্তল ও গুলিসহ দিদারুল আলম (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন- মাদকের বাজারে এখন মন্দাভাব নেমে এসেছে। তাই ব্যবসা পরিবর্তন করে অস্ত্র ব্যবসা করছেন দিদার। সিএমপি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন এসব তথ্য জানিয়েছেন।আটক দিদারুল আলম চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ছমাদর পাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রিয়াজউদ্দিন বাজারের আরএস রোড দোকান কর্মচারী সমিতির অফিসে অভিযান চালায় থানার এসআই ইমদাদ ও তারিকুজ্জামানের নেতৃত্বে এক দল পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। তবে একজনকে ধরে ফেলে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে কোমরের পেছন থেকে গুঁজে রাখা অবস্থায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিদার জানায়, আরএস রোডের দোকান কর্মচারী সমিতির সেক্রেটারি আলী জিন্নাহ পিস্তলটি বিক্রি করতে দিয়েছেন। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।